কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪
- আপডেট সময় : ০৫:৪৬:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কিশোর ও উঠতি বয়সী তরুণদের একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বখাটেদের উৎপাত কিংবা কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ব্যক্তিদের পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।



















