বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
- আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের বাইসাইকেল ও টর্চলাইট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এবং বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ।
বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি তথ্য ও সেবা দ্রুত ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই উন্নতমানের বাইসাইকেল ও টর্চলাইট তাদের নৈশকালীন টহল এবং দৈনন্দিন দায়িত্ব পালনে আরও বেশি উদ্বুদ্ধ ও গতিশীল করবে।
এ সময় অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত ৯৮ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে নতুন বাইসাইকেল ও টর্চলাইট তুলে দেন অতিথিরা।



















