সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
- আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ চন্ডিদার, খাদলা, সালদানদী ও শশীদল বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি, অলিভ অয়েল, জনসন বেবি লোশন, চকলেট, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, গরু, গাঁজা, ইস্কাফ সিরাপ ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
জব্দ করা এসব চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















