কুমিল্লায় কিশোর কণ্ঠের মেধা বৃত্তি পরীক্ষা, অংশ নিল প্রায় ৪ হাজার শিক্ষার্থী
- আপডেট সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার ৩০ অক্টোবর সকালে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় নগরীর ১৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ পরীক্ষা কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী পরীক্ষাটি নেওয়া হয় বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান নাজমুল হাসান পঞ্চায়েত, ভাইস চেয়ারম্যান ডা. কাজী আকিব আবদুল্লাহ, নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন হৃদয়, উপদেষ্টা ডা. ওবায়েদ উল্লাহ ও মেহেদী হাসান মামুন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। কুমিল্লায় এবার নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, ১৯৮২ সালে যাত্রা শুরু করে কিশোর কণ্ঠ। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের জ্ঞান, সৃজনশীলতা ও মেধা বিকাশে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।



















