তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার
- আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নম্বর দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা করে নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ডিলার আনিছুর রহমান।
বুধবার ২৮ অক্টোবর সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগটিকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেন।
লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা নেয়ার সঙ্গে তিনি জড়িত নন। সরকারি নিয়মের বাইরে কোনো অর্থ নেয়ার উদ্দেশ্য বা সিদ্ধান্ত তার ছিল না।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমার জনসমর্থন দেখে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা করছি
তিনি আরও দাবি করেন, হয় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তার বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। এতে জনমনে তার সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হয়েছে এবং তিনি সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আনিছুর রহমান বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করা জরুরি।
তিনি অভিযোগটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম বা সরকারি বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে তা মেনে নেয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি উল্লেখ করে আনিছুর রহমান বলেন, কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়ন ও উপকারভোগীদের স্বার্থ রক্ষা করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
সংবাদ সম্মেলনে ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য-উপাত্ত যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।



















