বালু মহাল দুটিতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন,লাখো শ্রমিকের মনে স্বস্তি
- আপডেট সময় : ০৬:০৭:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা বালু মহাল দুটিতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন শুরু হওয়ায় দুই উপজেলার লাখো শ্রমিক ও ব্যবসায়ির মনে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সরেজমিনে গিয়ে খোজ নিয়ে দেখা যায়, দীর্ঘ দেড় মাস নদী বন্ধ থাকার পর মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজ যাদুকাটা ১ ও ২ বালুমহালের দখল বুঝে পাওয়ার পর সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করায় দুটি উপজেলার প্রায় লাখো শ্রমিক ও ব্যবসায়িদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নদীকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের প্রত্যাশা, বালুমহাল দুটি চালু হওয়ায় নদী কেন্দ্রিক শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরছে।
সংশ্লিষ্টদের মতে, প্রায় দেড় মাস কাজ বন্ধ থাকায় বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকদের জীবিকায় প্রভাব পড়েছিল। তবে বালুমহাল দুটিতে বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে ইজারার শর্ত, সরকারি নির্দেশনা এবং পরিবেশগত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে বালু উত্তোলনের গুরুত্বরোপ করেন উপাজেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস রিপামনি দেবী বলেন, সরকার নির্ধারিত মূল্যে আগামী ৩০ চৈত্র পর্যন্ত যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারা পেয়েছেন মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসির মিয়া। ইজারার শর্ত অনুযায়ী, যথাযথ নিয়ম মেনে ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলন করতে পারবেন ইজারাদার। তবে নদীর তীর বা পাড় কেটে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই নদীর পাড় কাটা সহ্য করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাপস শীল বলেন, ভূমি মন্ত্রনালয়ের নির্দেশে যাদুকাটা ১ ও ২ বালু মহাল ইজারাদার নাছির মিয়াকে দখল সমজিয়ে দেওয়া হয়েছে। মাটি ও বালু ব্যবস্থাপনা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।




















