বোদায় আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় সর্বসাধারণের দীর্ঘদিনের দাবি ও জেলার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে নির্মিত ‘বোদা আধুনিক দ্বিতল ডাকবাংলো’-র শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর দুপুরে পঞ্চগড়ের বোদায় থানাপাড়া এলাকায় এই আধুনিক ডাকবাংলোর ফলক উন্মোচন করা হয়।
ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা এবং স্থানীয়দের নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাচীন জনপদ পঞ্চগড়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি সাধারণ) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর স্বচ্ছতা নিশ্চিত করতে ইজিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।
১ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৮৬ টাকা ব্যয়ে নির্মিত এই দ্বিতল ডাকবাংলোর নির্মাণ কাজ সম্পন্ন করেছে তেঁতুলিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ বাবর আলী।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ের বুকে নির্মিত এই আধুনিক ডাকবাংলোটি শুধুমাত্র একটি সাধারণ স্থাপনা নয়, বরং এটি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার ক্ষেত্রে একটি মহতি ও যুগান্তকারী পদক্ষেপ। এটি জেলা তথা বোদা উপজেলার পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।



















