একতা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ২৫০ শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ
- আপডেট সময় : ১০:০১:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কৃষি উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে আমগাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় একতা উচ্চ বিদ্যালয় মাঠে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কারিতাসের মাঠ সহায়ক এম মাসুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ ও মনিরাজ। এ ছাড়া বক্তব্য দেন কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক মো. আবু তাহের, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ, শিক্ষক শ্যামল আচার্য্যসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ফলজ গাছের চারা রোপণ করেন। পরে তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। এ সময় কারিতাসের পক্ষ থেকে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে আমগাছের চারা উপহার দেওয়া হয়।
এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের মধ্যে শাকসবজির বীজ, ফলজ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ধামাইল গান, যা আয়োজনটিতে সাংস্কৃতিক আবহ যোগ করে।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ সহনশীলতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।




















