কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯
- আপডেট সময় : ১২:৫০:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতেই ২৯৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে, ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার ৪ নভেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলমান বিশেষ অভিযানে জেলাজুড়ে মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


















