রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৪৩:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নুরুল ইসলাম খান (৫৬)। তিনি রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে। তিনি রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের মৃত মোতালেব খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চর রাজিবপুর থানার মামলা নম্বর-০৫, তারিখ ২৪ অক্টোবর ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১২ ও ১৩ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ২২৪, ২২৫, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নুরুল ইসলাম খানের নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত ৪টা ১৫ মিনিটে চর রাজিবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। রৌমারী থানা পুলিশের সহযোগিতায় রৌমারী থানাধীন কাজাইকাটা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ শাহীনুর আলম জানান|


















