সীমান্তে মাদক, চোরাচালান, পুশইন ঠেকাতে পঞ্চগড়ে বিজিবির নতুন বিওপি’ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৭:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : সীমান্তের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নবনির্মিত নারায়নপুর বিওপির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর গ্রামে ফিতা কেটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নব নির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে বিওপির নাম ফলক উন্মোচন করে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। এসময় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্ণেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্ব পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতেই নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে রিজিয়ন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।




















