স্টাফ রিপোর্টার : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনসংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে সংগঠনটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
২৬ মে ২০২৬ তারিখে ডিএসইসির সাধারণ সম্পাদক জাওয়ার ইকবাল খান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ভাবমূর্তি ও সুনামের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এ পরিস্থিতিতে ডিএসইসির ভার্চুয়াল জরুরি সভায় নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশের অনুলিপি নোটিশ বোর্ড ও অনলাইন গ্রুপে পাঠানো হয়েছে বলে জানা গেছে।