মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল
- আপডেট সময় : ১০:২১:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ও চামরদানী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন পূজামণ্ডপের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে কথা বলে উৎসবের কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এর আগে মধ্যনগর বাজার দুর্গামন্দিরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ তালুকদারের সভাপতিত্বে এবং কবি অজয় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সব ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধনেই আমাদের এই বাংলাদেশ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিময়, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও আশ্বস্ত করেন, দুর্গাপূজা উদযাপনে যেকোনো প্রয়োজনে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন।
সভায় বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার এবং অবিভক্ত ধর্মপাশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আ. কাইয়ুম মজনু, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার ও সদস্যসচিব নিবাস সরকার, জেলা যুবদলের সহ- বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও যুগ্ম আহ্বায়ক টিটু তালুকদার, সদস্য তাজুল ইসলাম।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মোসাব্বির হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















