সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৮:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : আজ ১২ নভেম্বর সকাল ৯:৩০ মিনিটে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মাস্টার প্যারেড হলো শৃঙ্খলার একটা অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন বা বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়া, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), জনাব মোঃ বায়েজীদ ইসলাম।
পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ লাইন্সের ব্যারাক, ডি-স্টোর ও অস্ত্রাগার পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ আখতারুজ্জামানসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।



















