কুমিল্লার খেলোয়াড়রাই একদিন বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বাড়াবে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৭:০৮ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শুক্রবার ৩১ জুলাই রাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
একটি জাতির সামগ্রিক বিকাশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রসারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়াতে দেশব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এসব মাঠ উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
কুমিল্লায় একটি ক্রীড়া অবকাঠামো বা ক্রীড়া বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত স্থান নির্ধারণ করা গেলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
ক্রীড়াবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। দেশের জন্য যারা সম্মান বয়ে আনছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক রোজী আক্তার।
এছাড়া ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা, রাজনৈতিক নেতা, সমাজসেবক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




















