শাল্লায় প্রথমবারের মতো উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুম উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২২:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো শাল্লা উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় ও কনফারেন্স রুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৩০ আগস্ট দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় এই কার্যালয়ের ফিতা কেটে শুভ সূচনা করা হয়।
দৈনিক ‘এদিন’ পত্রিকার প্রতিনিধি শান্ত কুমার তালুকদারের সভাপতিত্বে এবং ‘কালের কণ্ঠ’-এর প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম (মাস্টার), ডা. ওসমান গণি ও আবুল কালাম (পন্ডিত)। আব্দুল মজিদ (সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল), ব্রজেশ রঞ্জন চৌধুরী (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল), হাবিবুর রহমান হাবিব (সদস্য সচিব, কৃষক দল), একরামুল হোসেন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কৃষক দল), সাঈদ হোসেন সাগর (আহ্বায়ক, বাহাড়া ইউনিয়ন বিএনপি), শান্তু মেম্বার (জিয়া মঞ্চ) এবং ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও মো. রুমান আহমেদ।
প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান সূচির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন দৈনিক ‘যায়যায় দিন’-এর প্রতিনিধি মো. দিলুয়ার হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, শাল্লায় প্রথমবারের মতো সাংবাদিকদের একটি নির্দিষ্ট স্থান বা কার্যালয় গড়ে ওঠায় সর্বস্তরের মানুষের উপকারে আসবে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাব গঠিত হওয়ায় এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আরও বেগবান হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—মাদক ও দুর্নীতির বিরুদ্ধে এবং সত্যের পক্ষে তাঁদের কলম দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















