আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি
- আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মো. খায়রুল আলম ও মো. বশির উল্লাহ।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তাঁরা আমতলী আদালত পরিদর্শনে আসেন। এ সময় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এবং আদালতের আইনজীবীরা ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান। পরে আমতলী থানা ও আদালত পুলিশের সদস্যরা তাঁদের গার্ড অব অনার দেন।
পরিদর্শনকালে দুই বিচারপতি আদালতের এজলাসে বসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁরা আদালতের বিভিন্ন কার্যক্রম ও বিচারসংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরে আমতলী বারের এপিপি মাহাবুব আলমের আমন্ত্রণে বার ভবনে বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান স্লাইড প্রদর্শনের মাধ্যমে আদালতের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, মামলার তালিকা ও নিষ্পত্তির তথ্যসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন আমতলী বারের সিনিয়র আইনজীবী হরিহর চন্দ্র দাস, আইনজীবী জসিম উদ্দিনসহ অন্য অন্য আইনজীবীরা।
এ সময় আইনজীবীরা আমতলীতে সিভিল জজ আদালত স্থাপনের বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার দাবি জানান। পাশাপাশি আদালতের সার্বিক উন্নয়ন এবং বিচারকদের আবাসনের ব্যবস্থা করার বিষয়েও তাঁরা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিচারপতিরা আমতলী বার ও বেঞ্চের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে আইনজীবীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনজীবী এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















