চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
- আপডেট সময় : ১১:৩৫:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর গ্রামের বাসিন্দা কানাডা প্রবাসী মো. কামরুজ্জামান মামুনের নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় সুমন হাসান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ওই বাড়ির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মামুনের বাবা মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন এবং ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেন।
মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, অভিযুক্ত সুমন হাসান দীর্ঘদিন ধরে মামুনকে তার স্ত্রীকে তালাক দেয়ার জন্য ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে আসছিলেন। এ সব হুমকির কারণে গত বছর মামুন সপরিবারে কানাডায় চলে যান। তবে তিনি বিদেশে চলে যাওয়ার পরও সুমন হাসান নিয়মিত তাদের বাড়িতে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করতেন বলে অভিযোগ করেন মহিউদ্দিন।
তিনি আরও জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে পরিবারটি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সুনির্দিষ্ট প্রমাণের অজুহাতে থানার ওসি জিডি গ্রহণ করেননি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় আইনি সহায়তা পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন হাসান দীর্ঘদিন ধরে মামুনের বাবার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। একই সঙ্গে মামুনকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যথায় মামুন ও তার স্ত্রী-সন্তান বাংলাদেশে ফিরলে সবাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও স্থানীয় সূত্রের দাবি।
পরিবারের অভিযোগ, ঘটনার রাতে বাড়িতে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার পর মামুনের বাবা পুনরায় থানায় জিডি করতে গেলে স্থানীয় এক প্রভাবশালী জামাত নেতা আবদুত তোয়াব তাকে জিডি করতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া থানায় যাওয়ার কারণে সুমন হাসান ফোনে আবারও তাদের হত্যার হুমকি দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় বর্তমানে কানাডা প্রবাসী মামুনের বৃদ্ধ বাবা-মা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।



















