কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৫৩
- আপডেট সময় : ১১:৩৫:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার ১২ অক্টোবর মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত এবং কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ রয়েছে, সেসব এলাকাকে অভিযানের আওতায় আনা হয়। কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে আটক ৩৫৩ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানায়, কিশোর অপরাধ প্রতিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সীদের জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অপরাধমুক্ত সমাজ গঠন এবং কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।



















