কুমিল্লায় মসলার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় একটি মসলার মিলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ভালো মরিচের সঙ্গে পচা মরিচ মেশানো এবং মরিচের গুঁড়ায় নিষিদ্ধ সিঁদুরের রং ব্যবহার করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘ভাই ভাই মসলার মিল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ রং মেশানো মরিচের গুঁড়া এবং পচা ও পোকায় খাওয়া মরিচ ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তর জানায়,ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রম জোরদার করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















