কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের বিশেষ অভিযানে, আটক ৩৫১
- আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫১ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোকে বিশেষভাবে নজরদারির আওতায় আনা হয়।
বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত, মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন।
অভিযানে আটক ৩৫১ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে, ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত রয়েছে। এ সময়ে সর্বমোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি ও মনিটরিং করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















