নগদ টাকা বহনের ঝুঁকি, জাল, ছেঁড়া ও খুচরা টাকার সমস্যা এড়াতে ডিজিটাল পেমেন্টে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০৫:০৭:০১ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : নগদ টাকা বহনের ঝুঁকি, জাল নোট, ছেঁড়া-ফাটা নোট ও খুচরা টাকার সমস্যা এড়াতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মার্চেন্টদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংক, রংপুর অঞ্চলের পরিচালক এ কে এম কামরুজ্জামান।
আজ বুধবার পঞ্চগড় চেম্বার অফ কমার্সে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডাচ্-বাংলা ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
এসময় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যেকোনো সময় ঘরে বসেই লেনদেন করা সম্ভব। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক বলেও জানান তিনি।
এ সময় বিভিন্ন মার্চেন্টের হাতে বাংলা কিউআর তুলে দেন তিনি। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ডাচ্-বাংলা ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মোহসীন আলীর সভাপতিত্বে কর্মশালায় ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মার্চেন্টরা অংশ নেন।



















