মাদক-জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে একজোট পাঁচ গ্রামের মানুষ
- আপডেট সময় : ০১:০৯:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এলাকাকে মাদকমুক্ত ও সামাজিক অপরাধমুক্ত করার লক্ষ্যে জলুসা, আমজোড়া, সাহাপুর, সিদলী ও নগদাপাড়া গ্রামের বাসিন্দারা এ উদ্যোগ নিয়েছেন। তাঁদের প্রত্যয়, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ সংগ্রাম অব্যাহত থাকবে।
শুক্রবার ২৩ অক্টোবর জুমার নামাজের পর জনতা বাজারে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পাঁচ গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেন, এলাকায় কোনোভাবেই মাদক, জুয়া ও বাল্যবিবাহ চলতে দেওয়া হবে না। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনায় জনতা বাজারের সভাপতি নুরুজ্জামান তালুকদার বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহ একটি সমাজের শান্তি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এসব অপরাধ প্রতিরোধে শুধু আলোচনা করলেই হবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। নিজের পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বাল্যবিবাহ প্রতিরোধেও সবাইকে সোচ্চার থাকতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পাঁচ গ্রামের মানুষের এই ঐক্যবদ্ধ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও সামাজিক সচেতনতার মাধ্যমে চামরদানী ইউনিয়নের এই পাঁচ গ্রামকে মাদক, জুয়া ও বাল্যবিবাহমুক্ত করে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।



















