গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট সময় : ১২:০৬:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় এ কর্মসূচি পালন করা হয়।
তেতুলিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক তেঁতুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আল করিম, সদস্য সচিব আল আমিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা গোপালগঞ্জের অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।



















