সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ১২:৩০:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : শীতের সকালের কুয়াশা ভেদ করে গান, কবিতা ও নৃত্যের ছন্দে উষ্ণতা ছড়িয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
বুধবার ১৮ নভেম্বর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. বেলাল হোসাইন, সাবেক সভাপতি মাহমুদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।
শিক্ষার্থী শুকরিয়া শরিফ ও জারিন সুবাহার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে শিল্পীরা মনোমুগ্ধকর আবৃত্তি, নৃত্য, অভিনয় ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনায়তন এসময় মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য অতিথিরা। এ সময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।



















