ভিক্টোরিয়া কলেজের পেছনের ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক
- আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন ওই ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নজরে আসে। পরে তিনি কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনার পর ভিডিও পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল।
বুধবার ৪ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। টমছম ব্রিজ থেকে কোটবাড়িগামী সড়কের পাশে ইবনে সিনা ডি-ল্যাবের মালিকানাধীন একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরীর মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকার জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।
পুলিশ জানায়, আটক চারজনের মধ্যে জাহিদ হাসান ও জীবন ওরফে সাগর ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















