রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ২
- আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।
সোমবার ২ রা নভেম্বর সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করে।
সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে পুলিশের দলটি একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া ইদ্রিস চেয়ারম্যান বাড়ি এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
রোগী পরিবহনের মতো জরুরি সেবার আড়ালে এমন অভিনব কৌশলে মাদক পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















