দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন
- আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ তৌফিকুর রহমান তাহের : সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে স্থানীয় জনমনে উত্তেজনা এবং সামাজিক বিভ্রান্তি তৈরির অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের ‘সুনাই পাগলা’ এবং প্রতিবেশী জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের মাখন মিয়া।
গত শনিবার বাংলা টিভি (ডিজিটাল)-র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদী হয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এই অভিযোগপত্রটি জমা দেন।
অভিযোগ সূত্র থেকে জানা যায়, সম্প্রতি সুনাই পাগলা ও মাখন মিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটিতে সুনাই পাগলার চুল কাটাকে কেন্দ্র করে তাঁকে চিৎকার করতে দেখা যায় এবং মাখন মিয়া তাঁকে মারধর করছেন—এমন দৃশ্য উঠে আসে। দৃশ্যটিতে আশপাশে উপস্থিত জনতা ও ভিডিও ধারণের নানা সরঞ্জামও স্পষ্ট ছিল। সাধারণ দৃষ্টিতে ঘটনাটি বাস্তব মনে হলেও, অনুসন্ধানে জানা যায় এটি একটি পূর্বপরিকল্পিত ও স্ক্রিপ্টেড ভিডিও।
সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকার সচেতন নাগরিকরা আসল সত্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সামনে নিয়ে আসেন। এতে স্পষ্ট হয়ে যায় যে, ভিডিওটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। দিরাই ও কুলঞ্জ ইউনিয়নসহ আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতা তৈরি এবং স্থানীয় অধিবাসীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের কন্টেন্ট তৈরি ও প্রচার করা হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাংলা টিভির জেলা প্রতিনিধির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর সুনাই পাগলা ও মাখন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য মেলেনি।




















