হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নে মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা
- আপডেট সময় : ০৮:০৪:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : হাওর ও জলাভূমির প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
কর্মশালায় ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। হাওরের প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার আইন প্রণয়ন করেছে। এ আইন কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মৎস্যজীবী, কৃষকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মশালায় বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও রায়হান উদ্দিন সোহেল।
বক্তারা হাওরের প্রাকৃতিক পরিবেশ, মৎস্যসম্পদ, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষায় আইনটির যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাওরাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















