কপ৩১-এ জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা ও বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের ন্যায়সংগত মূল্যায়নে বাংলাদেশের গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৯:১৩:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আনতালিয়া (তুরস্ক), নিজস্ব প্রতিবেদক : তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩১তম অধিবেশন (COP31)-এ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। সম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এসব অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
গত ১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (UNFCCC) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট “From National Frameworks to Global Action”-এ অংশগ্রহণ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কেবল মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকাকেই ক্ষতিগ্রস্ত করে না; বরং সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলে।
তিনি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে লস অ্যান্ড ড্যামেজের বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কেবল একটি নীতিগত অঙ্গীকার নয়; বরং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব ও কার্যকর অগ্রগতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত অঙ্গীকারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অর্থবহ ও দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
অপরদিকে, ১৮ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় COP31 প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক (GST-2) কার্যক্রমের সূচনা উপলক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
এ অনুষ্ঠানে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের সম্মিলিত অগ্রগতি মূল্যায়নে একটি সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্বের সব অঞ্চল ও দেশের ভিন্ন ভিন্ন জাতীয় বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়ন জোরদারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়াকে কার্যকর ও ফলপ্রসূ করতে সব দেশের অংশগ্রহণ এবং জাতীয় বাস্তবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।
সম্মেলনের দুটি পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।























