চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
- আপডেট সময় : ১১:১০:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা প্রাণিসম্পদ কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কমপ্লেক্স মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার ডা. মো. কবির উদ্দিন আহমেদ, উপপরিচালক (এআই) ডা. মো. এমরান আলী প্রামাণিক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিটিও) ডা. হেমন্ত কুমার রায়, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তারসহ জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম বলেন, প্রাণঘাতী এই রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০০৭ সাল থেকে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে দিবসটি পালন হয়ে আসছে।
সমাপনী বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৬০ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়, যার মধ্যে বাংলাদেশেও প্রাণহানির ঘটনা ঘটে। কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে অনেক মানুষ এই ঝুঁকিতে পড়েন। তবে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও জানান, জলাতঙ্ক প্রতিরোধে করণীয় হিসেবে প্রাণী কামড়ানোর সঙ্গে সঙ্গে সাবান ও রানিং পানি দিয়ে ১৫-২০ মিনিট ক্ষতস্থান ভালোভাবে ধুতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এ সময় তিনি অকারণে প্রাণী হত্যা না করে নিয়মিত টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের ওপর জোর দেন।




















