চান্দিনায় ২০ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক ২০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ঢাকা মহানগর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ৮টি সাজা পরোয়ানাসহ মোট ২০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম (৪৫) চান্দিনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত। তিনি চান্দিনা পৌরসভার হারং এলাকার খিজির মিয়ার বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম ফজলুর রহমান এবং মাতার নাম রুফিয়া বেগম।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গত ৮ নভেম্বর রবিবার রাত ১০টা ৩০ মিনিটে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) সুষ্ময় দাশ গুপ্ত ও এএসআই (নিরস্ত্র) সাম্যশ্রী বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে থাকা ২০টি গ্রেফতারি পরোয়ানার মধ্যে ৮টি সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়,অপরাধ নিয়ন্ত্রণ ও পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।




















