কুমিল্লায় দুই দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৪:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুই দিনে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জন এবং ১১ নভেম্বর পরিচালিত অভিযানে আরও ৫৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে দুই দিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৯৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে নাশকতা, সহিংসতা কিংবা জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়,জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















