বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ভোট যুদ্ধে এগিয়ে সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন
- আপডেট সময় : ১১:৩২:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। আসন্ন এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এরই মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ি মো জালাল উদ্দীন।
আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ নভেম্বর সোমবার বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর মো জালাল উদ্দীন বলেন, নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের সম্মিলিত স্বার্থ, অধিকার ও কল্যাণে কাজ করবেন। কয়লা আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখা এবং একটি শক্তিশালী, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ জন্য সকল ব্যবসায়ীর সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
জালাল উদ্দীন বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন সেখানে সকল ব্যবসায়ীর মতামত, অধিকার ও স্বার্থের যথাযথ মূল্যায়ন হয়। আসন্ন নির্বাচনে ভোটার ও ব্যবসায়ী ভাইদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে কথায় নয় কাজের মাধ্যমে প্রমাণ করবো, এমনকি আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি জালাল উদ্দীন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়া দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন দিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল ভোটার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচনের উদ্যোগ নেওয়ায় সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। কোনো বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সকল ব্যবসায়ী ও ভোটারের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটিই বড় কথা নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও ঐক্য রক্ষা করা। আমাদের প্রত্যাশা, এই নির্বাচন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় এখন ব্যবসায়ীদের দৃষ্টি ১২ ডিসেম্বরের ভোটের দিকে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।




















