জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৮:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
মাজেদুল ইসলাম আকাশ : জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট অপূরণীয় মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তা মোকাবিলায় একটি সমন্বিত জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার ১৮ নভেম্বর তুরস্কের আন্তল্যা শহরে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ফ্রম অ্যাসেসমেন্ট টু অ্যাকশন: বাংলাদেশ’স ন্যাশনাল লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো জলবায়ুজনিত সংকটগুলো বাংলাদেশের মানুষের নিত্যদিনের বাস্তবতা। তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এই জাতীয় কাঠামোটি কেবল আর্থিক ক্ষতিই নয়, বরং ভিটেমাটি ও সামাজিক বন্ধন হারানোর মতো অপূরণীয় মানবিক ক্ষতিগুলোও মর্যাদার সাথে নিরূপণ করবে।
এ সময় আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি একক জাতীয় ডেটা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। তিনি দেশের উপকূলীয় অঞ্চলে এই কাঠামো কার্যকরভাবে বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বৈশ্বিক অংশীদারদের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাইমুম। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















