তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে শাপলা যুব সংঘের জয়
- আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মো,সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ধরে রাখতে উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাবের উদ্যোগে হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ নভেম্বর উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানবসেবা ফাউন্ডেশন, ডাঙ্গাপাড়াকে ২-০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শাপলা যুব সংঘ, টাইয়াগছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে মাটির তৈরি স্টেডিয়াম নির্মাণ ও এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান অতিথি আলহাজ্ব এম এ মজিদ। পাশাপাশি ডাঙ্গাপাড়া থেকে দর্জিপাড়া পর্যন্ত প্রস্তাবিত সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট নদী এলাকা পরিদর্শন করেন এবং সেতুটির নির্মাণকাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন আগামীতে টুর্নামেন্টের পুরস্কার আরও আকর্ষণীয় করার ঘোষণা দেন। বর্তমানে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে দুটি খাসি দেওয়া হলেও পরবর্তী আয়োজনে প্রথম পুরস্কার হিসেবে দুটি খাসির পরিবর্তে একটি গরু দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী, সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক সবুজ, এরশাদুল হক, শাহিনুর রহমান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতিত্ব করেন মো. শাহজাহান মিয়া সঞ্চালনায় ছিলেন শাহিনুর রহমান।
আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা একসময় গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় বিনোদন ছিল। সময়ের পরিবর্তনে খেলাটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এ খেলার পরিচিতি ও জনপ্রিয়তা ফিরিয়ে আনা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



















