দুটি কিডনিই বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল
- আপডেট সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মোঃসোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : দীর্ঘ চার দশক ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল। দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতায় ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত হয়ে বর্তমানে তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।
এ রহমান মুকুল চ্যানেল আইয়ের শুরু থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত রয়েছেন তিনি। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। জেলার সাংবাদিকতা অঙ্গনে তিনি একজন সুপরিচিত মুখ।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এ রহমান মুকুল। একপর্যায়ে তার কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাভাবিক জীবনে ফিরতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।
কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতায় এখন চিকিৎসা চালিয়ে যাওয়াই পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।
এমন পরিস্থিতিতে নিজের জীবন বাঁচাতে সমাজের মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ রহমান মুকুলের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
যে মানুষটি দীর্ঘ চার দশক ধরে অন্যের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের সহযোগিতার অপেক্ষায়। আপনাদের সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তাও তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত মানবিক উদ্যোগই পারে তাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে।
আসুন, একজন জ্যেষ্ঠ সাংবাদিকের জীবন বাঁচাতে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
নাম: এ রহমান মুকুল
ঠিকানা: চন্দ্রিমা, পূর্ব জালাসী, পঞ্চগড়।
মোবাইল:
০১৭১৫১৩৮৩০৯
০১৭১২৬২২৫০১
ব্যাংক হিসাব নম্বর: ৫১০১২০২০০৭৭০০০০১
ব্যাংক: ব্র্যাক ব্যাংক, পঞ্চগড়।






















