নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের ভূমিতে তিনটি ভবন নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৯:২৭:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিজ্ঞ আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় শিক্ষক পরিবারের রেকর্ডীয়-ভোগদখলীয় ভূমিতে জোরপূর্বক পাশাপাশি তিনটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আইন অমান্যকারী তিনজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভূমির রেকর্ডীয় মালিক মুজিবুর রহমানের স্ত্রী সীমা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালত সুনামগঞ্জ জোনে আইন অমান্যকারী তিনজনের নামে মামলা দায়েরের পর গত ১২/১১/২৬ ইং তারিখে সদর মডেল থানার এএসআই জহিরুল ইসলাম সরেজমিন এসে নোটিশ প্রদান করেন। যার বিবিধ মামলা নং-৩৭১/২০২৬ (সদর) এবং বিজ্ঞ আদালতের স্মারক নং-১৬৬২, তারিখ ১১/১১/২৬ইং। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক পরিবারটি নিজেদের জমি ও বসতভিটার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
অভিযোগে জানা যায়, পাশের বাড়ির বাসিন্দা মরহুম আতাউর রহমানের ছেলে বাবুল মিয়া, ওয়ারিশ আলীর ছেলে গোলাম রব্বানী এবং আছকির আলীর স্ত্রী পারুল বেগমের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষক পরিবারের দাবি, সংশ্লিষ্ট জমিটি তাদের দীর্ঘদিনের রেকর্ডীয় সম্পত্তি। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ সৃষ্টি হলে তারা প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত ওই জমির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা উপেক্ষা করে বিরোধপূর্ণ জায়গায় পাশাপাশি তিনটি ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও নির্মাণকাজ বন্ধ হয়নি। বরং প্রভাব খাটিয়ে তাদের জমিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নিজেদের বৈধ সম্পত্তি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে।
একটি শিক্ষক পরিবার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের দ্বারস্থ হয়েছেন। অথচ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যদি নির্মাণকাজ অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন, বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের প্রকৃত অবস্থা তদন্ত এবং তাদের রেকর্ডীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
তারা আরও জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগের সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে তারা ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল মিয়া ও গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে আলাপকালে তারা জানান, তাদের ভূমিতে তারা বসতঘর নির্মাণ করছেন। নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করা হলে তারা আরো বলেন, মুজিবুর রহমান যদি মামলার রায় পান তাহলে আমরা বসতঘর ভেঙে তাদেরকে ভূমি বুঝিয়ে দেব।
সদর মডেল থানার এএসআই জহিরুল ইসলাম বলেন, আমি তাদের হাতে নোটিশ প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং আদালতে হাজির হওয়ার জন্য বলেদিয়েছি।
এলাকাবাসীর প্রত্যাশা, কোনো ব্যক্তি প্রভাবশালী হোক কিংবা সাধারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং একজন অসহায় শিক্ষক পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।



















