মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ
- আপডেট সময় : ১০:১৮:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন দেশের বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব।
মঙ্গলবার ৩ নভেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নগরীর বিদ্যমান অবকাঠামো, পরিবেশগত অবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ ও আলোচনা করা হয়। এ সময় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং নাগরিক জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কুমিল্লাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে অপরিকল্পিত নগরায়ণ রোধ, সড়ক ও নাগরিক অবকাঠামোর উন্নয়ন, প্রয়োজনীয় নাগরিক সেবার সম্প্রসারণ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে মাস্টারপ্ল্যানভিত্তিক উন্নয়ন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রত্যাশা, সমন্বিত নগর পরিকল্পনা ও টেকসই উন্নয়নের মাধ্যমে কুমিল্লাকে একটি আধুনিক ও নান্দনিক বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে। যেখানে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও পাবে নিরাপদ, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ।
নগর পরিকল্পনাবিদদের পরামর্শ ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে কুমিল্লার নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



















