কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬
- আপডেট সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে।
গত ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ২০২৬ তারিখে জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা গ্রহণপূর্বক হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাত এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে।”
তিনি জানান, কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।




















