নতুন প্রজন্মকে নিয়ে হতাশ নই : মনিরুল হক চৌধুরী
- আপডেট সময় : ১০:৫১:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : তরুণ প্রজন্মের মেধা, মনন ও সাহস দেশের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, “নতুন প্রজন্মকে নিয়ে অনেকেই হতাশ। কিন্তু আমি হতাশ নই, বরং তাদের নিয়ে আশাবাদী। তাদের মেধা ও মননে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মের হাত ধরেই দেশ সঠিক পথ খুঁজে পাবে।”
শনিবার ৩ অক্টোবর দুপুরে কুমিল্লা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “আমি এ জাতিকে নিয়ে হতাশ ছিলাম। এখন তোমাদের দেখে আশাবাদী। তোমাদের সঙ্গে কথা বললে বুঝতে পারি, তোমরা অনেক দূর এগিয়ে আছো। তোমাদের জানার পরিধি আমাকে মুগ্ধ করে।”
বর্তমান প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা প্রমাণ করেছে, তারা শুধু মোবাইল স্ক্রিনে সীমাবদ্ধ নয়; তারা দেশ ও জাতি নিয়ে ভাবে এবং অন্যায়ের প্রতিবাদ করতেও জানে।
তিনি আরও বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তোমাদের এই প্রজন্মেরই নেতা। তিনি তোমাদের বোঝেন এবং জানেন। আমি বিশ্বাস করি, তিনি তারুণ্যনির্ভর পরিকল্পনা সাজাবেন এবং তোমাদের নিরাশ করবেন না। আমি এটাও বিশ্বাস করি, যতদিন তারেক রহমানের হাতে দেশ, এ দেশ পথ হারাবে না।”
অনুষ্ঠানে কুমিল্লা সরকারি কলেজের জন্য একটি নতুন শিক্ষার্থী পরিবহনের বাস দেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পাশাপাশি রাইফেলস ক্লাবের পতিত জায়গা কলেজের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসা কুমিল্লার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, কুমিল্লা মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সারোয়ার জাহান দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেল এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর শরীফসহ আরও অনেকে।



















