সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক
- আপডেট সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শরীরের অভ্যন্তরে (মলদ্বারে) লুকিয়ে স্বর্ণ পাচারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার ২ নভেম্বর সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনার তথ্য পাওয়া যায়। পরে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলে তাঁকে হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর মলদ্বারে লুকানো দুটি প্যাকেটে স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















