ধর্মপাশায় প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অনশন, অভিযুক্ত প্রেমিক পলাতক
- আপডেট সময় : ১২:৪১:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে বাড়িতে নিয়ে আসার পর তাকে নিজ বসতঘরে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাপ্পি নামের এক প্রতারক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাড়িতে গত ১৮ দিন ধরে অনশন করছেন ওই তরুণী। তবে অভিযুক্ত প্রেমিক পলাতক থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ভুক্তভোগী তরুণীর। পাশাপাশি ভন্ড প্রেমিক বাপ্পির পরিবারের লোকজন তরুণীকে মানসিক নির্যাতন সহ প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে এমন অভিযোগও রয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাজীনগর গ্রামে। অভিযুক্ত বাপ্পি ওই গ্রামের একজন প্রভাবশালী ও ধনাঢ্য পরিবারের সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে, অনশনরত তরুণী একটি অসহায় সাধারণ কৃষক পরিবারের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার পূর্বে অভিযুক্ত বাপ্পির পরিবারের সদস্যরা তার বোনের স্বামীর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বেড়াতে যান। এ সুযোগে বাপ্পি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে তরুণীকে নিজ বসতঘরে রেখে পরদিনই বাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এরপর থেকে বিয়ের দাবিতে অভিযুক্ত বাপ্পির বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। একে একে ১৮ দিন পার হলেও অভিযুক্ত যুবকের কোনো খোঁজ না পাওয়ায় এবং বিষয়টির সুরাহা না হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পরদিনই তাকে বাড়িতে রেখে বাপ্পি পালিয়ে যান। এখন তিনি সামাজিক ও পারিবারিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তার দাবি, বাপ্পিকে সামনে এনে বিষয়টির সুষ্ঠু সমাধান করতে হবে এবং তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। নয়তো সে প্রেমিকের বাড়িতেই আত্মাহত্যা করবে।
এদিকে, দীর্ঘদিন ধরে একটি তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন করলেও বিষয়টির স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটি অসহায় কৃষক পরিবারের মেয়ের এমন পরিস্থিতিতে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। পাশাপাশি প্রেমিকের পরিবারের লোকজন তরুণীকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করার অভিযোগও উঠছে। একই সঙ্গে তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় পক্ষের বক্তব্য নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তবে এ বিষয়ে অভিযুক্ত বাপ্পির মা-বাবা জানান, ঘটনার পর থেকে তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। অন্য জায়গায় ছেলের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু এই তরুণীর কারণে বিয়েটি ভেঙে যায়।
এ ঘটনায় তরুণীর নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আইনগত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু তরুণীর বয়স আন্ডারএইজ থাকায় আমাদের কিছু করার নেই।
ধর্মপাশা উপজেলা নিবাহী অফিসার জনি রায় বলেন, শুনেছি আজ ১৮ দিন যাবৎ মেয়েটি স্বামীর অধিকার পেতে অনশন চালিয়ে যাচ্ছেন। তার নিরাপত্তা নিশ্চিতের জন্য থানায় একটি ডায়েরী করা জরুরি।



















