চর রাজিবপুরে ৪ মাদক মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫৪:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আঃ মান্নান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ২১ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে চর রাজিবপুর থানাধীন কাচারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। চর রাজিবপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আঃ মান্নান কাচারীপাড়া এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির অপরাধ তথ্য সমীক্ষা পর্যালোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে পূর্বের আরও চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”



















