পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের
- আপডেট সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পরিবেশ আইন ও সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া চন্দনবাড়ী এলাকায় অবস্থিত ‘এ এন্ড এ অটো ব্রিকস’ ইটভাটায় দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠ ও কাঠের গুঁড়া। কয়লার সংকটের অজুহাতে প্রতি রাতেই ট্রাকে করে আনা কাঠের খড়ি এবং বিপুল পরিমাণ কাঠের গুঁড়া কয়লার সাথে মিশিয়ে চুল্লিতে দেয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) সাখাওয়াত হোসেন বলেন, “সবসময় নয়, মাঝে মাঝে কিছু কাঠের খড়ি ব্যবহার করা হয়।”
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ভাটার এক কোণে শত শত বস্তা কাঠের গুঁড়া এবং স্তূপ করে রাখা হয়েছে বনের গাছের খড়ি। দিনের বেলা কিছুটা আড়ালে রাখা হলেও গভীর রাত হলেই এসব কাঠ ও গুঁড়া কয়লার বিকল্প হিসেবে চুল্লিতে ঢোকানো হয়। এতে আশপাশের ফসলি জমি, ফলদ গাছপালা এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষ করে রাতের আঁধারে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া পুরো এলাকার পরিবেশ দূষিত করছে।
চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইটভাটায় কাঠ ও গুঁড়া ব্যবহারের ফলে বিষাক্ত ধোঁয়া ও সূক্ষ্ম ছাই সরাসরি মানুষের ফুসফুসে ঢুকে অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টের মতো ক্রনিক রোগ তৈরি করছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। ধোঁয়ার কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দিচ্ছে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। কাঠ পুরোপুরি না পুড়লে বাতাসে ‘বেনজো-এ-পাইরিন’ নামক ক্যানসার সৃষ্টিকারী উপাদান ছড়ায়, যা ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী। এই দূষিত বাতাস গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দিচ্ছে, ফলে জন্ম নিচ্ছে কম ওজনের ও শারীরিক জটিলতাযুক্ত শিশু। বাতাসে ভাসমান ছাইয়ের কারণে চোখ জ্বালাপোড়া, চোখের স্থায়ী ক্ষতি এবং নানাবিধ চর্মরোগ দেখা দিচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জানান, “ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষত এর ক্ষতিকর প্রভাব সরাসরি বয়স্ক ও শিশুদের জীবন হুমকিতে ফেলে দেয়। বন ধ্বংস করে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানো আইনি ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।” পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এইসব অপকর্মের সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীন জানান, “পরিবেশ ধ্বংস করে এরূপ যেকোনো কিছুর বিরুদ্ধে জেলা প্রশাসন সোচ্চার রয়েছে। এই ইটভাটার বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।”
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, “সাকোয়া এ এন্ড এ অটো ব্রিকস ইটের কারখানায় কাঠের গুঁড়া ও কাঠের খড়ি বেআইনি ভাবে পোড়ানোর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শীঘ্রই এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
একই বিষয়ে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল গফুর জানান, “কাঠ পোড়ানোর ক্ষেত্রে সরকারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইটভাটায় কোন ভাবেই কাঠের গুঁড়া কিংবা খড়ি পোড়াতে পারবে না। আমরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।”
এ দিকে ইটভাটার বিরুদ্ধে দ্রুত কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ লাইসেন্স বাতিলের দাবী জানিয়েছেন এলাকার ভুক্তভোগী ও সচেতন মহল।



















