সাভারে হেসং কোরিয়া কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, চাকরি হারালেন ২৫ শ্রমিক
- আপডেট সময় : ০৭:১২:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে অস্থিতিশীলতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে সাভারের বার রাঙ্গামাটিয়া এলাকার হেসং কোরিয়া লিমিটেড কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক নোটিশে কারখানার ২৫ জন শ্রমিকের চাকরির অবসানের সিদ্ধান্ত জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার ২৫ নভেম্বর কারখানার নোটিশ বোর্ডে টানানো পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে এ সব তথ্য জানা গেছে।
কারখানা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের কারণে কারখানায় উত্তেজনা, অস্থিতিশীলতা, উচ্ছৃঙ্খল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া কর্মস্থলে প্রবেশ করে কাজ না করে বসে থাকার কারণে কারখানার স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে জনমাল ও কারখানার সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২৫ নভেম্বর তারিখে প্রকাশিত চাকরি অবসানসংক্রান্ত নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৬ ধারা অনুযায়ী ২৫ জন শ্রমিকের চাকরি অবসানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তালিকাভুক্ত শ্রমিকদের মধ্যে লিংকিং ও মের্ডিং বিভাগের কর্মী রয়েছেন। তাঁদের বিভিন্ন পদে জুনিয়র অপারেটর ও অপারেটর হিসেবে কর্মরত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।
চাকরি অবসানের কারণ হিসেবে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া কারখানার পরিস্থিতির সার্বিক উন্নতি ও স্বাভাবিক পরিবেশ ফিরে এলে পুনরায় কারখানা চালুর তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে কারখানার নিরাপত্তা বিভাগ এই বন্ধের নোটিশের আওতাভুক্ত নয় বলেও জানানো হয়েছে।






















