বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
- আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ২৮ অক্টোবর দুপুরে উপজেলার আমতলী সড়কে মাথাভাঙ্গা-বুড়িচং থেকে কুমিল্লাগামী পাকা সড়কে এ ঘটনা ঘটে। আটক তিনজনই বুড়িচং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং মো. এনামুল হাসান (১৯)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটে সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিন ব্যক্তি তাঁর সিএনজি অটোরিকশার গতিরোধ করেন। এ সময় তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালের বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন।
একপর্যায়ে তাঁদের একজন চালককে গাড়ি থেকে নামতে বলেন। অন্য দুজন তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন। তাঁদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে সিএনজিচালক পরিচয়পত্র দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁকে গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট সিএনজি অটোরিকশাটি আটকে রাখেন।
পরে সিএনজিচালক তাৎক্ষণিকভাবে বুড়িচং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিবি পুলিশ পরিচয়দানকারী তিনজনকে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করেছেন বলে জানিয়েছেন—এমন তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




















