ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১১:৩৫:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে লালন স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আজ ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
আলোচনায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, সৃষ্টিকর্ম, মানবতাবাদী চেতনা এবং অসাম্প্রদায়িক ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন জাতি-ধর্ম-বর্ণের বিভেদ অতিক্রম করে মানুষে মানুষে সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনন্য অনুপ্রেরণা জোগায়। তাঁর কালজয়ী সৃষ্টি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের গান ও লোকজ সংস্কৃতির আবহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবনদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণের আহ্বান জানানো হয়।



















