রংপুর বিভাগে কোথাও ঝুঁকি নেই ; সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ
- আপডেট সময় : ১০:৪১:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ সহ পঞ্চগড় জেলার সার্বজনীন পূজামণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সপ্তমী পালিত হয়েছে। কোথাও কোনো ঝুঁকি বা সমস্যা চোখে পড়েনি। মণ্ডপগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এবং সবার মেজাজ ভালো। নারী ভক্তরা নিরাপদে মণ্ডপে যাওয়া-আসা করছেন।
শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
এ সময় মন্দির প্রাঙ্গণে ডিআইজি পঞ্চগড়বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি। হিন্দু, মুসলিম, সনাতনী, সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশই সবার কাম্য বলে মন্তব্য করেন তিনি।
ডিআইজি জানান, এই পরিবেশ রক্ষা এবং পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



















