রৌমারীতে সড়ক দূঘটনায় একই পরিবারেরর ৪ জনসহ নিহত ৫, আহত ১
- আপডেট সময় : ১০:৪৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারীর শেষ সীমানা সায়েদাবাদ ও রাজিবপুরের শুরু শিবেরডাঙ্গী এলাকায় পণ্যবাহী ট্রাক (রেজি : নং-ঢাকা মেট্রো ট-১৬-২৮১১) ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত ও ১জন আহত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর বেলা পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ও অটো চালক পালিয়ে যায়।
নিহতরা হলেন , রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক, উপজেলার চৎলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি (২৬), ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে রিশাদ (১২),৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তুবা (৭), শালিকা কর্তিমারীর বাদলের স্ত্রী শরীফা (৪২) ও যাত্রী নজরুল (৪৫)। সে চর রাজিবপুর বটতলা মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। আহত বাদলের মেয়ে বৃষ্টি (২৫) ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার শেষ সীমানা সায়েদাবাদ ও রাজিবপুর উপজেলার শুরু শিবেরডাঙ্গী এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের তীব্র আঘাতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয় ও ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন ইজিবাইক যাত্রীর মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ বলেন, এ পযর্ন্ত আমরা ৫ জন নিহতের খবর নিশ্চিত করেছি। গুরুতর আহত অবস্থায় আহত বৃষ্টি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হযেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাওসার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধারের কাজ চলমান ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।



















